AIinBangla

Claude AI কী এবং কীভাবে ব্যবহার করবেন? (বাংলায় পূর্ণ গাইড)

Claude AI ব্যবহারের বাংলা গাইড

Claude হলো ChatGPT-এর মতোই একটা AI, কিন্তু কিছু কাজে এটা স্পষ্টভাবে এগিয়ে: লম্বা লেখা, বড় ডকুমেন্ট পড়া আর কোড লেখা। বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়, ফ্রিতেও অনেকটা কাজ চলে। কোনটায় কোনটা ভালো সেটা জানলে দুটোর মধ্যে বেছে নেওয়া সহজ হয়ে যায়।

এক নজরে

  • লম্বা লেখা আর বড় ফাইল পড়ানোর কাজে Claude সাধারণত ভালো আউটপুট দেয়।
  • একবারে অনেক পৃষ্ঠা পড়তে পারে, তাই পুরো বই বা রিপোর্ট ধরে কাজ করানো যায়।
  • ফ্রি ভার্সনে দৈনিক একটা সীমা আছে, সীমা শেষ হলে কয়েক ঘণ্টা পর আবার চালু হয়।
  • বাংলা বোঝে আর বাংলায় লেখে, তবে ইংরেজিতে নির্দেশ দিলে আউটপুট বেশি নিখুঁত হয়।
  • Projects নামের সুবিধাটা কম মানুষ ব্যবহার করে, অথচ নিয়মিত কাজে এটাই সবচেয়ে কাজের।

Claude আসলে কী

Claude একটা বড় ভাষা মডেল, ঠিক যেভাবে ChatGPT বা Gemini। আপনি লিখে কিছু জিজ্ঞেস করবেন, সে লিখে উত্তর দিবে। বানিয়েছে Anthropic নামের একটা প্রতিষ্ঠান। ব্যবহার করা যায় ব্রাউজার থেকে, ফোনের অ্যাপ থেকেও।

তিনটা জিনিস একে আলাদা করে। এক, একবারে অনেক বড় লেখা ধরতে পারে, একটা পুরো বই বা কয়েকশো পৃষ্ঠার রিপোর্ট দিয়ে তার ভেতর থেকে প্রশ্ন করা যায়। দুই, লেখার ধরনটা তুলনামূলক স্বাভাবিক, কম আড়ষ্ট। তিন, কোড লেখা আর কোডের ভুল ধরার কাজে এটা বেশ শক্তিশালী।

কোন কাজে কোনটা, একটা সৎ তুলনা

কোনো একটা টুল সব কাজে সেরা না। তিনটার বিস্তারিত তুলনা আলাদা লেখায় আছে। যে যেটায় ভালো, সেটায় সেটা ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

কাজ সাধারণত ভালো কেন
লম্বা আর্টিকেল, স্ক্রিপ্ট, গল্প Claude লেখার সুর ধরে রাখে, শেষের দিকে ভেঙে পড়ে না
বড় ডকুমেন্ট বা বই পড়ানো Claude একবারে অনেক বেশি লেখা ধরতে পারে
কোড লেখা আর ভুল ধরা Claude কেন ভুল হচ্ছে সেটা বুঝিয়ে বলে
ছবি বানানো ChatGPT বা আলাদা টুল Claude নিজে ছবি বানায় না
এখনকার খবর বা লাইভ তথ্য Gemini বা ChatGPT সার্চের সাথে যোগ ভালো
বাংলা কথ্য ভাষার নকল প্রায় সমান তিনটাতেই উদাহরণ দিয়ে বোঝালে ভালো আসে

ব্যবহার শুরু করবেন যেভাবে

০১অ্যাকাউন্ট খুলুনclaude.ai তে গিয়ে ইমেইল দিয়ে। বাংলাদেশ থেকে খোলা যায়।
০২ফ্রিতেই শুরু করুনদৈনিক একটা সীমা আছে, কিন্তু শেখার জন্য যথেষ্ট। টাকা দেওয়ার দরকার প্রথম দিনেই নেই।
০৩একটা Project বানানযে কাজটা বারবার করবেন তার জন্য। নিচে এটা নিয়ে আলাদা করে বলা আছে।
০৪ফাইল দিয়ে কাজ করানPDF, ছবি, স্প্রেডশিট টেনে ছেড়ে দিয়ে তার ভেতর থেকে প্রশ্ন করুন।
ফ্রি ভার্সনে সীমা শেষ হলে কয়েক ঘণ্টা পর আবার চালু হয়, অ্যাকাউন্ট বন্ধ হয় না।

Projects: যে সুবিধাটা বেশিরভাগ মানুষ ব্যবহার করে না

প্রতিবার নতুন চ্যাট খুলে “আমি বাংলাদেশ থেকে, আমার ব্যবসা এই, আমার লেখার ধরন এমন” লিখতে লিখতে ক্লান্ত লাগে। Projects এই সমস্যাটার সমাধান।

একটা Project বানিয়ে তার ভেতরে একবার লিখে রাখুন আপনি কে, কী কাজ করেন, কেমন লেখা চান, কী কী এড়াতে চান। এরপর ওই Project-এর ভেতরে যত চ্যাট করবেন, সবগুলোতে এই তথ্য আপনাআপনি ধরা থাকবে। নিজের লেখার কয়েকটা নমুনা যোগ করে দিলে আউটপুট আপনার সুরের কাছাকাছি আসে।

যারা নিয়মিত কনটেন্ট বানান, তাদের জন্য এটাই সবচেয়ে বড় সময় বাঁচানোর জায়গা। একটা Project কনটেন্টের জন্য, একটা ক্লায়েন্টের কাজের জন্য, একটা পড়াশোনার জন্য।

একটা কাজের অভ্যাস: যে প্রম্পটটা ভালো কাজ করেছে সেটা ফেলে দিবেন না। শুরু করার জন্য কাজভেদে সাজানো প্রম্পটের একটা সংগ্রহ আছে। একটা ফাইলে জমিয়ে রাখুন। ছয় মাস পর আপনার নিজের প্রম্পটের সংগ্রহটাই সবচেয়ে দামি জিনিস হয়ে দাঁড়াবে, কোনো টুল না।

ভালো আউটপুট পাওয়ার চারটা নিয়ম

এগুলো Claude-এর জন্য বিশেষভাবে কাজ করে, তবে অন্য টুলেও লাগে।

ভূমিকা দিন“তুমি একজন অভিজ্ঞ সাংবাদিক” লিখে শুরু করলে আউটপুটের মান বদলে যায়।
উদাহরণ দিনযেমন চান তার একটা নমুনা দিন। বর্ণনার চেয়ে উদাহরণ অনেক বেশি কাজ করে।
সীমা বেঁধে দিনকত শব্দ, কোন ভাষা, কী কী ব্যবহার করা যাবে না। সীমা না দিলে সে গড়পড়তা লেখে।
ধাপে ধাপে চানপুরোটা একবারে না নিয়ে আগে কাঠামো চান, পছন্দ হলে তারপর লেখাটা।
চারটার যেকোনো দুটো যোগ করলেই আউটপুটের মান স্পষ্ট বাড়ে।

বাংলায় কাজ করানোর সময় যা মনে রাখবেন

Claude বাংলা ভালোই বোঝে আর লেখেও। তবে দুটো জিনিস খেয়াল রাখতে হয়। এক, না বললে সে সাধু বা বইয়ের ভাষায় লিখে ফেলে, যেটা পড়তে ভারী লাগে। প্রম্পটে লিখে দিন যেন কথ্য ভাষায় লেখে, যেভাবে মানুষ বলে।

দুই, বাংলায় লেখা প্রম্পটের চেয়ে ইংরেজিতে লেখা নির্দেশ প্রায়ই বেশি নিখুঁত ফল দেয়। একটা কাজের কৌশল হলো নির্দেশটা ইংরেজিতে দেওয়া কিন্তু আউটপুট বাংলায় চাওয়া। “Write in conversational Bangla, avoid formal sadhu bhasha” এভাবে।

যেখানে সাবধান থাকতে হবে

Claude আত্মবিশ্বাসের সাথে ভুল বলতে পারে, ঠিক যেমন অন্য সব AI। বিশেষ করে তারিখ, সংখ্যা আর সোর্সের নামে। সে বইয়ের নাম বা পরিসংখ্যান বানিয়ে ফেলতে পারে, শুনতে একদম বিশ্বাসযোগ্য লাগবে।

নিয়মটা সহজ: যে তথ্য আপনি নিজে যাচাই করতে পারবেন না, সেটা প্রকাশ করবেন না। AI-কে ব্যবহার করুন লেখা গোছাতে, ভাবনা সাজাতে, খসড়া বানাতে। তথ্যের দায়িত্ব আপনার থাকে, তার না।

আর একটা কথা, গোপন তথ্য দিবেন না। ক্লায়েন্টের চুক্তি, কারো ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড কোনো AI-কে দেওয়ার দরকার নেই।

সচরাচর প্রশ্ন

বাংলাদেশ থেকে Claude ব্যবহার করা যায়?
যায়। ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফ্রিতেই শুরু করা যায়। টাকা দিয়ে আপগ্রেড করতে চাইলে আন্তর্জাতিক কার্ড লাগে, সেটা অনেকের জন্য ঝামেলা, তবে ফ্রি ভার্সনেই বেশিরভাগ কাজ চলে যায়।
ফ্রি ভার্সনে কতটুকু কাজ করা যায়?
দৈনিক একটা সীমা আছে, আর সেটা কত সেটা সময়ভেদে বদলায়। সীমা শেষ হলে কয়েক ঘণ্টা পর আবার চালু হয়। শেখা আর দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট, দিনভর একটানা কাজ করলে কম পড়বে।
Claude নাকি ChatGPT, কোনটা নিব?
দুটোরই ফ্রি ভার্সন আছে, তাই একটা বেছে নেওয়ার দরকার নেই। লেখা আর কোডের কাজে Claude ধরুন, ছবি আর লাইভ তথ্যের কাজে ChatGPT। টাকা দিয়ে একটাই নিতে হলে দেখুন আপনার বেশিরভাগ কাজ কোন ধরনের।
Claude কি ছবি বানাতে পারে?
না, নিজে ছবি বানায় না। ছবি দেখে বুঝতে পারে আর বর্ণনা করতে পারে, কিন্তু নতুন ছবি তৈরি করে না। ছবির জন্য আলাদা টুল লাগবে।
আমার লেখা কি ওরা রেখে দেয়?
সেটিংসে ঠিক করা যায়। যেকোনো AI ব্যবহারের আগে সেটিংসের গোপনীয়তা অংশটা একবার দেখে নেওয়া অভ্যাস করা ভালো। আর যা গোপন, তা কোনো AI-কেই দিবেন না, এটাই সবচেয়ে নিরাপদ নিয়ম।
মোবাইলে ব্যবহার করা যায়?
যায়, ব্রাউজার থেকেও যায়, অ্যাপ থেকেও। লম্বা লেখা বা ফাইল নিয়ে কাজ করলে কম্পিউটারে আরাম বেশি, কিন্তু কাজটা ফোনেই হয়ে যায়।
Claude দিয়ে বানানো লেখা Google ধরতে পারবে?
Google দেখে লেখাটা মানুষের কাজে লাগছে কিনা, কে লিখেছে তা না। সমস্যা হয় যখন AI-এর প্রথম আউটপুট হুবহু প্রকাশ করা হয়, কারণ সেটা গড়পড়তা হয়। নিজের অভিজ্ঞতা আর উদাহরণ যোগ করলে সেটা আর সমস্যা থাকে না।

হাতে কলমে শিখতে চাইলে

Claude দিয়ে কাজ করার আলাদা সেশন আছে কোর্সের ভেতরে, সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আটটা ফ্রেমওয়ার্ক যেগুলো যেকোনো AI টুলেই কাজ করে।

গাইডটা পড়ুন

বিষয়
নাসির উদ্দিন শামীম
লেখক

নাসির উদ্দিন শামীম

ঢাকা থেকে বলছি। ইন্টারনেট মার্কেটিং করি, আর নতুন কোনো এআই টুল বের হলেই সেটা ধরে দেখি কাজে লাগে কি না। যেটা সত্যিই কাজের, সেটা নিয়ে ফেসবুক আর ইউটিউবে কথা বলি। এখানে সেই জিনিসগুলোই গুছিয়ে শেখানোর চেষ্টা করি, যাতে আপনি নিজেও কাজে লাগাতে পারেন।

পড়া শেষ?

লেখা পড়ে ভালো লাগলে, করে দেখলে আরও ভালো লাগবে

৩০ সেকেন্ডের কুইজ বলে দিবে আপনার অবস্থায় কোন কোর্সটা লাগবে।

Nasir Uddin Shamim

Nasir Uddin Shamim

Typically replies within 5-10 minutes.

I will be back soon

Nasir Uddin Shamim
Hey there 👋
It’s your friend Nasir Uddin Shamim. How can I help you?