এই লেসন শেষে আপনার হাতে থাকবে: একটা লাইন, "আমি কাদের জন্য কী বানাই"। এই কোর্সের বাকি সব লেসন এই একটা লাইনের উপর দাঁড়াবে।

কেন একটাই রাস্তা

অনেকে অর্ডার পান না কারণ একসাথে দশটা জিনিস অফার করেন। "ডিজাইন, ভিডিও, ওয়েবসাইট, মার্কেটিং, সব করি" শুনলে Business Owner বোঝেন না আপনি আসলে কী পারেন। একটা নির্দিষ্ট কাজের কথা বললে বোঝেন, বিশ্বাসও করেন।

একটা রাস্তা পিক করা মানে বাকিগুলো চিরদিনের জন্য বাদ না। মানে হলো, প্রথম টাকাটা না আসা পর্যন্ত শুধু একটায় মন দেওয়া।

আমাদের মাস্টারক্লাস থেকে কোন কাজ বের হয়

প্রতিটা মাস্টারক্লাসের পাশে এমন একটা কাজ লেখা আছে যেটা আশেপাশের ছোট ব্যবসাকে বিক্রি করা যায়। যেটা শিখছেন বা শিখতে চান, সেটা দিয়ে শুরু করুন।

  • AI ইমেজ ও অ্যাড Masterclass: Online Shop-এর প্রোডাক্টের ছবি সুন্দর করা, অফার পোস্ট, ফেসবুক অ্যাডের ছবি। ফোন দিয়েই শুরু করা যায়।
  • AI ভিডিও মেকিং Masterclass: ফেসবুক পেজের জন্য ছোট রিল, প্রোডাক্ট পরিচিতির ভিডিও। ফোনে করা যায়, তবে সময় একটু বেশি লাগে।
  • Viral AI Content Framework: পেজের ক্যাপশন আর পোস্টের প্ল্যান লেখা, মানে পেজ চালানোর লেখার অংশটা। ফোনে সবচেয়ে সহজ।
  • Claude Masterclass: অফিসের কাজ: চিঠি, রিপোর্ট, শিট, ছবি বা PDF থেকে ডেটা এন্ট্রি। ল্যাপটপ থাকলে অনেক সুবিধা।
  • AI অটোমেশন Masterclass: ব্যবসার মেসেজের অটো রিপ্লাই, অর্ডার ফর্ম থেকে নোটিফিকেশন। কাজটা বড়, তাই প্রথম কাজ হিসেবে একটু কঠিন। ল্যাপটপ দরকার।
  • AI দিয়ে অ্যাপ ও ডিজিটাল প্রোডাক্ট: ছোট ব্যবসার সাধারণ ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, ই বুক। ল্যাপটপ দরকার।
  • AI শুরু ও Prompt Engineering: এটা আলাদা কাজ না, সব রাস্তার ভিত্তি। প্রম্পট ঠিক না হলে উপরের কোনোটাই ভালো আসবে না।

পিক করার তিনটা প্রশ্ন

  1. আজকেই একটা স্যাম্পল বানাতে পারবেন? যে কাজটা এখনই হাতের ফোন বা ল্যাপটপে করতে পারেন, সেটা আগে।
  2. আশেপাশের ব্যবসার কি এটা দরকার? আপনার এলাকার ১০টা Local Business বা ফেসবুক পেজ খুলে দেখুন। ছবি কি ঝাপসা? পোস্ট কি অনিয়মিত? ভিডিও কি একদম নেই? যে ঘাটতি বারবার চোখে পড়ে, কাজ সেখানেই।
  3. ৩০ দিন টানা করতে পারবেন? যে কাজ করতে বিরক্ত লাগে, সেটা প্রথম মাসেই ছেড়ে দেবেন। একটু হলেও ভালো লাগে এমন কাজ নিন।

যেটা সবচেয়ে বেশি "হ্যাঁ" পায়, সেটাই আপনার রাস্তা। দুইটা সমান হলে যেটার স্যাম্পল দ্রুত বানানো যায়, সেটা নিন।

আপনার এক লাইন লিখে ফেলুন

ফাঁকা জায়গাগুলো পূরণ করে খাতায় বা ফোনের নোটে লিখে রাখুন:

আমি [কাদের জন্য] [কী নির্দিষ্ট জিনিস] বানাই।

কয়েকটা উদাহরণ, নিজের মতো বদলে নিন:

আমি কাপড়ের অনলাইন পেজের জন্য প্রোডাক্টের অফার পোস্ট বানাই।

আমি রেস্টুরেন্টের জন্য খাবারের ছোট রিল বানাই।

আমি ছোট অফিসের চিঠি, রিপোর্ট আর এক্সেল শিটের কাজ করে দিই।

যে ভুলগুলো করবেন না

  • সব কোর্স শেষ করে তারপর কাজ খোঁজা। একটা রাস্তার প্রথম কয়েকটা লেসন শেষ হলেই স্যাম্পল বানানো শুরু করুন।
  • প্রতি সপ্তাহে রাস্তা বদলানো। নতুন টুল আসতেই থাকবে। তার জন্য রাস্তা বদলানোর দরকার নেই।
  • "সবার জন্য" কাজ। সবার জন্য মানে আসলে কারও জন্য না।

আজকের কাজ

  1. তিনটা প্রশ্নের উত্তর লিখুন।
  2. একটা রাস্তা পিক করুন।
  3. আপনার এক লাইন লিখে ফেলুন। পরের লেসনে এটা লাগবে।